রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী তিনজন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে ‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে তাদের আটক করে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার কর্মকর্তারা হলেন- অর্থ ও হিসাব রক্ষক দপ্তরের উপ-পরিচালক আমিনুল হক রাসেল, সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাসুদ, এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার।
জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির অভিযোগ, জুলাই আন্দোলনের সময় এই তিন কর্মকর্তা ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দায়েরকৃত দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বোয়ালিয়া থানায় স্থানান্তর করা হবে।








