একই লেনদেনে তিন মামলা, ৪ কোটি ৭৫ লাখ টাকা দাবির নেপথ্যে যত প্রশ্ন

একই ঘটনা, একই লেনদেন এবং একই আসামি—অথচ তাকে কেন্দ্র করেই দায়ের করা হয়েছে তিনটি আলাদা মামলা। এসব মামলায় মোট ৪ কোটি ৭৫ লাখ টাকা অর্থ দাবি করা হয়েছে, যেখানে মূল বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ২৯ লাখ ১৫ হাজার টাকা। একই ঘটনার পুনরাবৃত্তিমূলক মামলা এবং এর আইনি বৈধতা নিয়ে ইতোমধ্যে জোরালো প্রশ্ন উঠেছে। এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছেন ঢাকার মিরপুর থানা তাঁতী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান (পিতা: আবুল কাশেম)।
অভিযোগ রয়েছে, ২০২১ সালে তিনি একটি ই-কমার্স প্রতিষ্ঠানে ২৯ লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। নির্ধারিত সময়ে পণ্য বা টাকা ফেরত না পেয়ে তিনি আইনি পদক্ষেপ নেন, যার ফলে সে সময় প্রতিষ্ঠানটির মালিকসহ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হন। তবে পরবর্তীতে একই লেনদেনকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হওয়ায় বিষয়টি রহস্যজনক ও বিতর্কিত হয়ে উঠেছে।
নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের এপ্রিলে মিজানুর রহমান নিজে বাদী হয়ে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬, ৩৪ ও ১০৯ ধারায় গুলশান সিআর ৫৪৬/২০২২ নম্বর মামলাটি করেন। পিবিআইর তদন্তাধীন এ মামলায় দাবিকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৪৪ লাখ টাকা। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের মে মাসে সিএমএম আদালত রায় দেওয়ার সময় কারাগারে থাকা একজন আসামিকে পলাতক দেখিয়ে সাজা প্রদান করেন এবং আপিল শুনানিতেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন। এরপর ২০২৫ সালের এপ্রিলে একই বাদী সাইবার নিরাপত্তা আইনে গুলশান সিআর ১৭৪/২০২৫ নম্বর আরেকটি মামলা করেন, যেখানে দাবিকৃত অর্থ ১ কোটি ৩ লাখ টাকা এবং তদন্ত করছে সিআইডি।
সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে মিজানুর রহমানের আপন দুই ভাই আজিজুর রহমান ও আরিফুর রহমানকে বাদী বানিয়ে গুলশান সিআর ৪৯০৪/২০২৫ নম্বরে তৃতীয় মামলাটি করা হয়। এ মামলায় দাবিকৃত অর্থ ২ কোটি ২৮ লাখ টাকা এবং আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে ওয়ারেন্ট জারি করেছেন। সব মিলিয়ে মূল বিনিয়োগ ২৯ লাখ ১৫ হাজার টাকা হলেও তিন মামলায় মোট দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া মিজানুর রহমানের ব্যক্তিগত হিসাবের লেনদেন কীভাবে তার ভাইদের নামে দেখানো হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
বিবাদীপক্ষের দাবি, তারা মূল টাকা ও আইনি খরচের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলেও বাদীপক্ষ ১ কোটি ৩৮ লাখ টাকা এবং মামলা ও আইনজীবীর খরচসহ মোট ২ কোটি টাকা দাবি করেছে। আইন বিশেষজ্ঞদের মতে, একই ঘটনা, একই আসামি ও একই লেনদেনের ভিত্তিতে একাধিক মামলা ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারা এবং সংবিধানের ৩৫(২) অনুচ্ছেদে বর্ণিত একই অপরাধে পুনরায় বিচার বা শাস্তি না পাওয়ার নীতি বা ডাবল জেপার্ডির পরিপন্থী কি না, তা পর্যালোচনার দাবি রাখে। ভিন্ন ব্যক্তির নামে একই লেনদেন দেখানো হলে তা জালিয়াতি বা মিথ্যা মামলার আওতায় পড়ে কি না, সেটিও তদন্তের বিষয়।
সূত্র আরও জানিয়েছে, মিজানুর রহমান ঢাকার ক্যান্টনমেন্ট থানার সিআর ৫৫৫/২৫ মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বর্তমানে মামলাগুলোর আইনি ভিত্তি ও অভিযোগের ধরন পর্যালোচনা করে আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।



