ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে সহস্রাধিক মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিবিসি পার্সিয়ানের সংবাদদাতা জিয়ার গোল এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে।
বিবিসি পার্সিয়ানের সংবাদদাতা জিয়ার গোল বলেন, তিনি ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে, মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে’। তিনি আরও জানান, ইরান সরকার অতীতেও বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করেছে, তবে “এবারে যা ঘটছে তা একেবারেই নজিরবিহীন”।
এদিকে রয়টার্স ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, অভিযানে প্রায় দুই হাজার মানুষ নিহত হতে পারে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে বলে জানানো হয়েছে। তবে ওই কর্মকর্তা এসব মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।
এর আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শত শত মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। তিনি জানান, জাতিসংঘের নিজস্ব সূত্র থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে।
এদিকে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানে চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৬৫০ জন নিহত হয়েছে বলে তারা বিশ্বাস করে।
তবে ইরান সরকার এখনো পর্যন্ত হতাহতের বিষয়ে নির্ভরযোগ্য ও স্বচ্ছ কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি।







