বোমা হামলার হুমকিতে ফ্লাইট বিঘ্ন, যুদ্ধবিমানে রোমে নেওয়া হলো উড়োজাহাজ

বোমা হামলার ভুয়া হুমকিতে ইউরোপের দুটি ফ্লাইটের যাত্রায় বিঘ্ন ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হেলসিংকি থেকে রোমগামী ফিনএয়ারের একটি উড়োজাহাজকে যুদ্ধবিমান দিয়ে পাহারা দিয়ে রোমে নেওয়া হয়। অন্যদিকে, মিলান থেকে ওয়ারশগামী উইজ এয়ারের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে ভিয়েনায় নেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এই তথ্য জানায়।
বার্তা সংস্থা এএফপিকে বিমানবন্দরের এক মুখপাত্র জানান, হেলসিংকি-রোম ফ্লাইটটি রোমে পৌঁছানোর পর বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা উড়োজাহাজটি পরীক্ষা করেন।
এক বিবৃতিতে উইজ এয়ার জানায়, নির্ধারিত নিরাপত্তা নীতিমালা ও পদ্ধতি অনুসরণ করেই তাদের উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ডাবলিন থেকে রোমগামী আরেকটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে সেটির গতিপথ পরিবর্তন করে ফ্রান্সে নেওয়া হয়। সেখানে সামরিক উড়োজাহাজের পাহারায় সেটি অবতরণ করে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতিপথ পরিবর্তন করা উড়োজাহাজটি অ্যার লিঙ্গাসের বহরের অংশ বলে ধারণা করা হচ্ছে।
চলতি সপ্তাহে ইউরোপের আকাশপথে বোমা হামলার হুমকিতে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার ঘটনা এটি তৃতীয় দিন। এর আগে মঙ্গলবার প্রায় ১০টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
তবে এসব হুমকিই শেষ পর্যন্ত ভুয়া বলে প্রমাণিত হয়। এর ফলে ওয়ারশর একটি বিমানবন্দর বন্ধ রাখতে হয় এবং ফ্লাইটগুলোর নিরাপত্তায় ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান মোতায়েন করা হয়।
এর আগে সোমবার লন্ডনের লুটন বিমানবন্দর থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে বুদাপেস্টে জরুরি অবতরণ করানো হয়।






