রোনালদোর অবসরের খবরে ধন্যবাদ জানালেন পর্তুগাল ফেডারেশন সভাপতি

পর্তুগালের জার্সিতে আর খেলা হবে না ক্রিস্টিয়ানো রোনালদোর। ২৩ বছরের বর্নাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে করেছেন সর্বোচ্চ গোল। আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের ঘোষণার পর তাকে যথাযথ সম্মান জানানোর কথা জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তায় অবসরের খবর জানান পর্তুগিজ কিংবদন্তি। ৪১ বর্ষী মহাতারকা জানান, নভেম্বরের আন্তর্জাতিক বিরতি থেকে ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেবেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের রেকর্ড সঙ্গী করে বিদায় বললেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা বলেন, ‘পর্তুগালের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো সবসময় কেবল একজন খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু। তিনি একজন মানুষ, একজন অ্যাথলেট, একজন আদর্শ, একজন চ্যাম্পিয়ন এবং একজন নেতা। তিনি আমাদের অধিনায়ক। জাতীয় দল থেকে অবসরের এই দিনে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগিজ ফুটবল পরিবারের পক্ষ থেকে আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের যা কিছু দিয়েছেন, তার জন্য।’
ফেডারেশন সভাপতি আরও বলেন, ‘ট্রফি বা রেকর্ড কিংবা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হওয়ার বাইরেও, তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি পর্তুগালকে পুরো বিশ্বের সামনে তুলে ধরেছেন। পৃথিবীর যেখানেই পর্তুগালের কথা এসেছে, সেখানেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম উঠে এসেছে। যারা প্রতিদিন আরও ভালো কিছু করার স্বপ্ন দেখে। তাদের সবার জন্য রোনালদো এক আদর্শ।’





