অন্তর্বর্তী সরকার এবার গণভোট আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আগামী সপ্তাহে এ আইন হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এ সপ্তাহে করে ফেলবো। ধরেন আগামী তিন বা চার কার্য দিবসের মধ্যে হয়ে যাব।’
আইন উপদেষ্টা বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব কিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।’
জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্খাকে সম্মান জানানো।’








