অবসরের পর ভারতের ৯টি শহরে কনসার্টের ঘোষণা গায়ক অরিজিতের, কিন্তু কেন?

চলতি বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেছিলেন ভারতীয় জনপ্রিয় গায়ক অরিজিত সিং। তিনি জানিয়েছিলেন, নতুন কোনো প্লেব্যাকের দায়িত্ব তিনি আর নেবেন না। তবে অবসরের ঘোষণা মানে এই নয় তাঁর কণ্ঠে আর গান শুনতে পাবেন না সমগ্র বিশ্বের অজস্র ভক্তবৃন্দ। আগে থেকে করা চুক্তির কারণে তাঁর গাওয়া একাধিক গান বিভিন্ন সিনেমায় প্রকাশ পেয়েছে এবং পাবে। সালমান খানের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘মাতৃভূমি’তেও তাঁর গাওয়া গান শোনা যাবে।
তবে ভক্তদের মনে প্রশ্ন থেকেই যায়, সরাসরি কবে মঞ্চে শোনা যাবে তাদের প্রিয় গায়ক অরিজিত সিং-এর গান। সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে। অবসরের পর এই প্রথম সমগ্র ভারত সফরের ঘোষণা করেছেন জনপ্রিয় গায়ক অরিজিত সিং।
আগামী বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ভারতের নয়টি শহরে কনসার্ট করবেন তিনি। দুই দশকের সঙ্গীতজীবন উদযাপন করতেই তাঁর এই বিশেষ সফর।
জানা যায়, অরিজিত সিং-এর ভারত সফর শুরু হবে ২০২৭ সালের ৯ জানুয়ারি আহমেদাবাদ থেকে। এরপর একে একে চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুুণে, ইন্দোর এবং হায়দরাবাদে হতে যাচ্ছে তাঁর অনুষ্ঠান। তবে কলকাতায় কোনো শো রাখেননি তিনি। কেন নিজের রাজ্যে কোনো শো রাখেননি তিনি? ইতিমধ্যেই গায়কের ভাগ করে নেওয়া কনসার্ট সিডিউল দেখে প্রশ্ন তুলেছেন ভক্তবৃন্দের একাংশ।
নিজের এই সফর প্রসঙ্গে অরিজিত জানিয়েছেন, বিশ বছরের সঙ্গীতযাত্রার জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। তাঁর মতে, এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতারা। তাদের ভালোবাসাতেই তাঁর গান নতুন জীবন পেয়েছে। তাঁর কথায়, গোটা দেশ ঘুরে সেই ভালোবাসা শ্রোতাদের সাথে সরাসরি ভাগ করে নেওয়ার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। এত বছরের গান, এত স্মৃতি এবং এত মানুষের সাথে আবার দেখা করার অপেক্ষায় আছেন বলে জানান তিনি।



