বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালেই হঠাৎ রটে যায় প্রথম সন্তান আসতে চলেছে শিবানি দান্ডেকর ও ফারহান আখতারের ঘরে। এরপরই রীতিমতো আপ্লুত হয়ে ভক্তরা শুভেচ্ছা বার্তাও পাঠাতে শুরু করে দেন এই তারকা দম্পতিকে।
একাধিক মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয় যে, শিবানী গর্ভবতী এবং এই বছরের শেষের দিকে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত ফারহান। সেই খবর ছড়িয়ে পড়তেই তা নিয়ে মুখ খুললেন শাবানা আজমি।
বৃহস্পতিবারই ৫১ বছরে পা রাখলেন অভিনেতা। তাই কি সকাল সকাল ভাগ করে নিলেন এই সুসংবাদ? আসলে ব্যাপারটা মোটেও তেমন নয়, পুরোটাই গুজব। শিবানী মোটেও মা হচ্ছেন না, অন্তত এমনটাইদাবি করলেন শাশুড়ি শাবানা আজমি।
ইটাইমসকে বর্ষীয়ান অভিনেত্রী জানান, ‘এই খবরের পিছনে কোনো সত্যতা নেই’। হানি ইরানিকে ডিভোর্স দেওয়ার পর, শাবানাকে বিয়ে করেন ফারহানের বাবা জাভেদ আখতার।.
২০২২ সালে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন শিবানি ও ফারহান। এর আগে ২০০০ সালে হেয়ারস্টাইলিস্ট আধুনা ভবানিকে বিয়ে করেছিলেন অভিনেতা। সেই সংসারে তার দুই সন্তান শাক্য আখতার ও আকিরা আখতার রয়েছে। –টাইমস অব ইন্ডিয়া







