মঞ্চে অভিনয়ের মধ্যেই লুটিয়ে পড়লেন নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম

কানাডার টরন্টোতে মঞ্চে নাটকে অভিনয় করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
স্থানীয় সময় ৩১ অক্টোবর সন্ধ্যা ৮টার দিকে ‘প্রাচ্য প্রতিচ্য’-এর প্রযোজনায় ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয়ের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়েছে।
ঘটনার সময় মিলনায়তন দর্শকে পরিপূর্ণ ছিল। মঞ্চে অভিনয়রত অবস্থায় প্রিয় শিল্পীর আকস্মিক অসুস্থতার খবরে দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবরটি জানাজানি হওয়ার পর টরন্টোসহ কানাডার বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।
সেলিমের সহধর্মিণী লাভলী বেগম তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও তার সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশা করছেন।
মাহমুদুল ইসলাম সেলিম বাংলাদেশের মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশনায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কানাডায় প্রবাসজীবনেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চা অব্যাহত রেখেছেন তিনি।






