আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ এবং দেশটির নৌবাহিনী রয়্যাল নেভি ও বিমানবাহিনী রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। লন্ডনের ‘শত্রুতামূলক’ কর্মকাণ্ডের পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং দেশটির নতুন ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’ আইনের আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত এক বছরে যুক্তরাজ্যের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরানের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত জুলাইয়ে নতুন আইনের আওতায় ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)কে তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। ওই আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

আইন অনুযায়ী, যুক্তরাজ্যে কেউ আইআরজিসিকে সহায়তা বা সমর্থন করলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

ইরানের এই ঘোষণার মধ্য দিয়ে তেহরান ও লন্ডনের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:নৌবাহিনী বিমানবাহিনী যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬ শত্রুভাবাপন্ন গোষ্ঠী সন্ত্রাসী সংগঠন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…