এল নিনোর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ, বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

ছবি: সংগৃহীত
এল নিনোর প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে বলিভিয়া। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সম্পদ ও সরঞ্জাম ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
শনিবার (৩১ অক্টোবর) বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা ঘোষণা করেন।
সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জানান, এল নিনোর প্রভাবে দেশটিতে বন্যা ও খরা-এই দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগই দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাজ বলেন, এই সংকট কাটিয়ে উঠতে দেশের সব প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
চলতি সপ্তাহে প্রকাশিত সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, বলিভিয়ার নয়টি বিভাগের মধ্যে ছয়টিতে খরার কারণে ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত এবং ৭৫ হাজারের বেশি গবাদিপশুর মৃত্যু হয়েছে।
জাতিসংঘ এ সপ্তাহে সতর্ক করে বলেছে, চলমান এল নিনো ‘অভূতপূর্ব’ শক্তিশালী হয়ে উঠতে পারে, যা লাতিন আমেরিকা, আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চল, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক বিপর্যয় ডেকে আনতে পারে।
বলিভিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পেরুতেও তাপমাত্রা বেড়েছে এবং দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ইতোমধ্যে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে।
অতীতের সব রেকর্ড ভেঙে চিলির রাজধানী সান্তিয়াগোতে অক্টোবরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।






