বাংলাদেশ সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশটির যথেষ্ট উদ্বেগ থাকলেও, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের সাথে প্রয়োজনে কাজ করার সম্ভাবনার কথা জানিয়েছেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।
গতকাল ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একটি প্রশ্নের জবাবে এই বিষয়ে কথা বলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার সর্বশেষ প্রেসনোটে আমি দেখেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে বিভিন্ন নিরাপত্তা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এই ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে কাজ করা কীভাবে সম্ভব?
জবাবে মিলার বলেন, আমি বলব, আমাদের সারা বিশ্বের সাথে এই ধরণের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। আমরা বাংলাদেশে ক্র্যাকডাউন সম্পর্কেও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু এর অর্থ এই নয় যে সরকারের সাথে কাজ করার দায়িত্ব আমাদের নেই। আমাদের উদ্বেগ রয়েছে ঠিক, তবে এটাও ঠিক যে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে একসাথে সহযোগিতামূলক কাজ করতে পারি।
এরপর প্রশ্নকারী ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করে জানতে চান, মিয়ানমার এখন জান্তা এবং বিদ্রোহীদের একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ফলে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যেরাও হেলিকপ্টারসহ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করছেন। এই পরিস্থিতি নিয়ে আপনার কোন মন্তব্য আছে?
তবে এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, আপনি আপনার প্রশ্নটি ফিরিয়ে নিন।







