বিনোদন

১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘সিন’, ষষ্ঠ দিনে আয় কতো?

১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘সিন’, ষষ্ঠ দিনে আয় কতো?

দক্ষিণী অভিনেতা সুরিয়ার নতুন সিনেমা ‘সিন’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির মাত্র ছয় দিনের মধ্যেই ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। তবে এই সাফল্যের মধ্যেই ষষ্ঠ দিনে ছবিটির আয়ে বড় ধরনের পতন দেখা গেছে।

বুধবার এক দিনেই আগের দিনের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম আয় করেছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসের হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুসারে, বুধবার ভারতে ৭ কোটি ৪৫ লাখ রুপি নেট আয় করেছে ‘সিন’। অথচ মঙ্গলবার ছবিটির আয় ছিল ১২ কোটি ৮৫ লাখ রুপি। ফলে এক দিনের ব্যবধানে আয় কমেছে প্রায় ৪০ শতাংশ। সব মিলিয়ে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি ৮৫ লাখ রুপি।

মুক্তির ষষ্ঠ দিনে সিনেমাটি মোট ৫ হাজার ২৮৭টি শোতে প্রদর্শিত হয়েছে। এদিন ছবিটির সার্বিক দর্শক উপস্থিতির হার ছিল ২৯ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে সবচেয়ে বেশি আয়। ৩ হাজার ৮৩৭টি শো থেকে তামিল সংস্করণ আয় করেছে ৫ কোটি ৭০ লাখ রুপি, যা দিনের মোট আয়ের ৭৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, ১ হাজার ৪৫০টি শো থেকে তেলুগু সংস্করণের আয় ১ কোটি ৭৫ লাখ রুপি। বাকি আয় এসেছে অন্যান্য ভাষার সংস্করণ থেকে।

এদিকে সিনেমাটির সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুরিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সিনেমাটির প্রতি আপনাদের ভালোবাসা ও উষ্ণতায় আমাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে। বিভিন্ন ভাষা ও সীমান্ত পেরিয়ে “সিন”-এর প্রতি আপনাদের ভালোবাসা আমাদের পুরো দলের কাছে অত্যন্ত মূল্যবান। এতটা আস্থা নিয়ে প্রেক্ষাগৃহে আসার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন দিগন্ত অনুসন্ধানের সাহস জোগায়।’

পরিচালক জিথু মাধবনের তামিল ক্রাইম-কমেডি সিনেমা ‘সিন’ মুক্তি পেয়েছে ২০২৬ সালের ৬ নভেম্বর। সিনেমাটিতে ডিএসপি ইমবরাজ চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। দৃষ্টিশক্তির অবনতির কারণে সক্রিয় পুলিশি দায়িত্ব থেকে সরে যেতে হলেও একের পর এক হত্যাকাণ্ডের রহস্য সমাধানে আগ্রহ হারান না তিনি।

তদন্তে ইমবরাজের সঙ্গে যোগ দেন মায়া চরিত্রে অভিনয় করা নজরিয়া নাজিম। তদন্তের একপর্যায়ে ঈশ্বরন নামের এক সিরিয়াল কিলারের সম্পৃক্ততা সামনে আসে। এই চরিত্রে অভিনয় করেছেন নাসলেন। তদন্ত করতে গিয়ে ইমবরাজের সামনে ফিরে আসে অতীতের একটি পুরোনো মামলা। আগে সমাধান করা ‘পারফিউম কিলার’ নামে পরিচিত এক হত্যাকারীর মামলার সঙ্গে নতুন হত্যাকাণ্ডগুলোর মিল খুঁজে পান তিনি। অপরাধ, হাস্যরস ও বিচিত্র সব চরিত্রকে ঘিরে এগিয়ে যায় সিনেমার গল্প।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন লাল, আনন্দ রাজ, রাজপ্রিয়ান, সুরেশ মাথিয়ালাগান ও গজরাজ। বিশেষ চরিত্রে রয়েছেন জ্যোতিকা।

মালয়ালম সিনেমা ‘রোমাঞ্চম’ ও ‘আবেশম’-এর পর ‘সিন’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে জিথু মাধবনের। একই সিনেমার মধ্য দিয়ে সংগীত পরিচালক সুশিন শ্যামেরও তামিল চলচ্চিত্রে অভিষেক হয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন ভিনিথ অগাস্টিয়ান এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন আজমল সাবু।

সূরিয়া ও জ্যোতিকা তাদের প্রযোজনা প্রতিষ্ঠান টুডি এন্টারটেইনমেন্ট এবং ঝাগারাম স্টুডিওসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন। হিন্দুস্তান টাইমস

বিষয়:জ্যোতিকা টুডি এন্টারটেইনমেন্ট মালয়ালম সিন সুরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…