ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সিইসির কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। ভোট দিয়ে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, তা গন্তব্যে পৌঁছে যাবে। দেশের মানুষকে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়ার ওয়াদা আমরা করেছি, সেই ওয়াদা আমরা পূরণ করেছি। বাংলাদেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচনের ইতিহাস ভুলে যান
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে এ আই দিয়ে যেসব অপতথ্য ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই বাংলাদেশের বর্ডারের বাইরে থেকে হচ্ছে। সবাইকে অনুরোধ করবো এসব অপতথ্য এড়িয়ে চলতে।
এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহও সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। কেন্দ্র পরিদর্শনের পর সকাল ৯টা ১০ মিনিটে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণের সময় কেন্দ্রের ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন এবং ভোটার উপস্থিতিও ছিল স্বাভাবিক।
ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনার কিছু সময় কেন্দ্র প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পরে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য দেন।








