ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা পড়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ১৬২ রানে পিছিয়ে সফরকারীরা, হাতে রয়েছে ৬ উইকেট। এমন পরিস্থিতি থেকে হার এড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকার জন্য বৃষ্টির প্রার্থনায় রয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড।
আবহাওয়ার পূর্বাভাস বলেছে, শনিবার ম্যানচেস্টারে আকাশ মেঘলা থাকবে। বজ্রপাত ও ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ১১টার দিকে বৃষ্টির সম্ভাবনা শতকরা ৭৫ শতাংশ। দুপুর ২টার দিকে সেটি ৩৪ শতাংশে হ্রাস পেতে পারে। বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশের নিচে রয়েছে।
তৃতীয় দিনের খেলা শেষে হ্যাজেলউড বলেন, ‘বৃষ্টি হলে আমি খুব খুশি হব। এমন পূর্বাভাস আছে। স্পষ্টতই বৃষ্টি এবং আলোক স্বল্পতা ক্রিকেটে চিরকাল একটা বড় ভূমিকা পালন করে। কয়েক ওভার কাটা গেলে খুব ভালো হবে।’
স্বাগতিক ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো বলেছেন, ‘আগামীকাল যদি আবহাওয়া কিছুটা ভালো থাকে, আপনি আশা করতে পারেন আমরা কিছু সম্ভাবনা তৈরি করতে সক্ষম হব। অতীতে আবহাওয়াবিদরা ঠিক বলেছেন, ভুলও বলেছেন। কে জানে কী হতে চলেছে? আমরা এখনও আগের মানসিকতা নিয়ে মাঠে নামব এবং আরও ছয় উইকেট নেয়ার চেষ্টা করা।’
সিরিজে প্রথম দুই টেস্ট জিতে অ্যাশেজ জয়ের রাস্তাটা অস্ট্রেলিয়ার জন্য বেশ মসৃণ ছিল। তৃতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় ইংল্যান্ড। চলতি চতুর্থ টেস্ট ইংলিশরা জিতলে সিরিজে ফিরবে সমতা। জবে উঠবে ক্রিকেটের প্রাচীন লড়াই।







