সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ১১ দিনের সরকারি সফরে আজ ঢাকা ছেড়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডা সফরকালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডা এর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। এসময় দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি।
এছাড়াও কানাডা সফর শেষে সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।






