পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। গৌরবময় অর্জনে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছে। সঙ্গে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে। র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে লাল-সবুজদের। আর বাংলাদেশের কাছে হেরে দুধাপ নিচে নেমে গেছে পাকিস্তান।
বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে হালনাগাদে দেখা যাচ্ছে, আগের মতো নবম স্থানেই আছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশের ১৩ রেটিং পয়েন্ট বেড়েছে, বর্তমানে পয়েন্ট ৬৬।
বাংলাদেশের কাছে হারের পর র্যাঙ্কিংয়ে বড় ধাক্কাই খেয়েছে পাকিস্তান। ছয় থেকে নেমে গেছে আটে। ১৯৬৫ সালের পর এই প্রথম এত কম রেটিং পয়েন্ট দেখল দলটি। পাকিস্তানের অবনমনে একধাপ করে উপরে উঠে গেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানরা ছয়ে ও ক্যারিবীয়রা আছে সাতে।
১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া, দুইয়ে ভারতের পয়েন্ট ১২০। ১২ পয়েন্ট পিছিয়ে তিনে আছে ইংল্যান্ড।










