রাজধানীর গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাসায় ফিরেছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা।
এর আগে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
১৯৬ নম্বর বাড়িটি কেবল একটি আবাস নয়, এটি জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাসের অংশ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তৎকালীন সরকার এ বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেয়। বছরের পর বছর বহু উত্থান-পতনের সাক্ষী হয়েছে এই বাড়ি। রাজনৈতিক বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—সবই যেন দেওয়ালের ভেতরে জমে আছে। কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে বাড়িটির মালিকানা দলিল হস্তান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনের কাছে।
বুধবার রাতে ১৯৬ নম্বর বাড়িটিতে দেখা যায় সংস্কার কাজ শেষ। দেওয়ালে নতুন রং, নির্মাণসামগ্রী সরানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। রাত থেকেই সামনের সড়কে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত। আশপাশের গলিতে চোখে পড়ে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন। শহরের এই অংশ যেন অপেক্ষার পোস্টারে ভরে উঠেছে।
দলীয় সূত্র জানায়, সরকারি নিরাপত্তার পাশাপাশি বিএনপির নিজস্ব ব্যবস্থাপনাতেও আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।







