অপরাধ

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

বিদিশা এরশাদ গ্রেপ্তার, সংবাদ সংগ্রহের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস কনফারেন্সে বিদিশা এরশাদকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা একটি মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ)।

মামলার নথি ও বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

দীর্ঘদিন পর সেই মামলার বিচারিক কার্যক্রম শেষে চলতি বছরের মে মাসে বিদিশাকে কারাদণ্ড দেন আদালত। রায়ের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও এতদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অবশেষে মঙ্গলবার রাতে গুলশানের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন বিদিশা। এবার পুরোনো একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা কার্যকরের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

বিষয়:গুলশান গ্রেপ্তার প্রতারণা বিদিশা এরশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…