টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়াও দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। চর ভাবলা এলাকায় পৌছালে অ্যাম্বুলেন্সটি ট্রাককে ওভারটেক করার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা এসআই পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
একই সময় অ্যাম্বুলেন্সের পিছনে থাকা ট্রাকটি অ্যাম্বুলেন্সেকে ধাক্কা দিলে সেটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের দুই জন রয়েছে। বাকি ছয় জন ট্রাক ও বাসের যাত্রী।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। দুর্ঘটনার ফলে উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।







