তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের সঙ্গে ভারতের যোগাযোগ ও সহযোগিতা বাড়ছে। এর মধ্যেই নয়াদিল্লিতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে তালেবান। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হচ্ছে। দিল্লিতে নিযুক্ত তালেবানের চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমদ নূর এই সংবর্ধনার আয়োজন করছেন। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, ভারতে বসবাসরত আফগান নাগরিক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সালের আগস্টে আশরাফ গনি সরকারের পতনের আগে নয়াদিল্লিতে আফগান দূতাবাস যেভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করত, এবারের আয়োজনও অনেকটা তেমন হবে। তবে তালেবান ক্ষমতায় আসার পর ভারতে এটিই তাদের প্রথম প্রকাশ্য সংবর্ধনা।
অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। তবে কারা এতে অংশ নেবেন, তা এখনও স্পষ্ট নয়। ভারতসহ অধিকাংশ দেশ এখনো আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ফলে অনুষ্ঠানে ব্যবহৃত কূটনৈতিক প্রতীক, বিশেষ করে আফগানিস্তানের পতাকার বিষয়টি ভারতীয় পক্ষ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারে।








