বলিউডে বরাবরই ভিন্ন ধারার কাজের জন্য পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। তবে কাজ নিয়ে যতটা না আলোচনায় থাকেন তিনি তার চেয়েও বেশি আলোচনায় থাকেন বিতর্কিত সব কাণ্ড ঘটিয়ে।
অভিনেত্রী তাপসী পান্নুকে প্রায় সময়ই দ্বিতীয় জয়া বচ্চন বলা হয়ে থাকে। কারণ, দু’জনই যেন পাপারাজ্জিদের দেখলে ক্ষুদ্ধ আচরণ করা শুরু করেন। কারও সঙ্গেই ঠিকমতো কথা বলেন না। যেন পাপারাজ্জিদের প্রতি তাদের অনেক রাগ। যে কারণে তিনি প্রায়শই সমালোচিত হন। এবার অভিনেত্রী নিজেই জানিয়েছেন কেন পাপারাজ্জিদের সঙ্গে তার এমন সম্পর্ক।
অভিনেত্রীর বক্তব্য, ফটোগ্রাফাররা তাদের নিজস্ব সুবিধার জন্য অভিনেত্রীর বক্তব্য এবং ভিডিওর অপব্যবহার করে। ফিভার এফএম-এর সঙ্গে কথা বলার সময় তাপসী পান্নু পাপারাজ্জিদের তোলা ভিডিও এবং ফটোগুলি নিয়ে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আপনারা কেন ছবি তুলবেন হঠাৎ? আমাকে বলুন, ভালো কিছুর জন্য কি তুলবেন! আপনার ছবি তোলার শেষ পরে সুসংবাদ কিছু পেয়েছেন?’
কিন্তু কিসের এত রাগ তাপসীর? কেনইবা এত কড়া ব্যবহার করেন সকলের সঙ্গে? এমন প্রশ্নের উত্তরে তাপসী বলেন, ‘ওরা ছবি তুললেও, আমার কোন লাভ হয় না। আমার চলচ্চিত্রর জন্যও খুব একটা উপকার করেন না তারা। তাই তথাকথিত মিডিয়ার একাংশকে খুশি করার দরকার নেই। আমি তাদের সরাসরি মিডিয়া হাউজও বলি না। কারণ, তারা তাদের উদ্দেশ্যপূরণ করছে, যে কেউ তাদের পোর্টালের জন্য নানা ছবি তোলেন।’
তাপসী পান্নু আরও বলেন, পাপারাজ্জিরা খুব ভালো করেই জানেন যখন তারা অভিনেত্রীর খুব কাছে আসে বা তাকে চিৎকার করে বা তার গাড়ি তাড়া করে তখন কী সমস্যার মধ্যে পড়তে হয়। তাই তিনি এমন ব্যবহার করেন। যেটির জন্য তিনি মোটেই অনুতপ্ত নন।
তিনি বলেছেন, কোন কিছুর জন্য ক্ষমা চাইতে চান না। তিনি একজন সাধারণ নারী, যিনি চান যে তার গোপনীয়তা এবং তার অবস্থানকে সকলে সম্মান করুক।- এনডিটিভি







