ট্রফি উন্মোচনে উঠে এলো সিলেটের ঐতিহাসিক স্থাপনা

সিলেটের ঐতিহাসিক স্থাপনা সামনে ট্রফি উন্মোচন ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সবুজে মোড়ানো ছোট ছোট টিলার চা বাগানের দৃশ্য সিলেটে আসা পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও নগরীতে রয়েছে প্রচুর ঐতিহাসিক স্থান। যার একটি আলী আমজদের ঘড়ি। ১৪০ বছরের পুরোনো স্থাপনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনে অংশ নিলেন দুই দেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর।
শহরের প্রবেশমুখে সুরমা নদীর তীর ঘেঁষে সিলেট সদর উপজেলায় অবস্থিত এই ঘড়ির ডায়ামিটার আড়াই ফুট এবং ঘড়ির কাঁটা দুই ফুট লম্বা। যখন ঘড়ির প্রচলন ছিল না, সেসময় অর্থাৎ ১৮৭৪ খ্রিষ্টাব্দে সিলেট মহানগরীর প্রবেশদ্বার কীন ব্রিজের ডানপার্শ্বে সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক ঘড়িঘরটি নির্মাণ করেন সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান, তার ছেলে আলী আমজদের নামকরণে।
লোহার খুঁটির উপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির স্থাপত্যশৈলীর ঘড়িঘরটি তখন থেকেই আলী আমজদের ঘড়িঘর নামে পরিচিতি লাভ করে। এই নান্দনিক স্থাপনা যে কাউকে মুগ্ধ করে। এ ঘড়ি সিলেটের প্রতীক হিসেবে সুপরিচিত।
বাংলাদেশ-ভারত নারী দলের ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শুরু প্রথম ম্যাচ। সবগুলোই ম্যাচেই অনুষ্ঠিত হবে চায়ের শহরের নান্দনিক ভেন্যুতে।






