পিঠের চোটের কারণে আগেই টি-টুয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। তার জায়গায় আরেক পেসার মোহাম্মাদ শামিকে নিয়েছে ভারত।
শুক্রবার বিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে যুক্ত করা হয়েছে।
শামি ইতিমধ্যে রোহিতদের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন। সিরাজ ও শার্দূল দ্রুতই অস্ট্রেলিয়ার পথ ধরবেন।
গত নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে শামি আর কোনো ছোট ফরম্যাটের ম্যাচ খেলেননি। তাকে দলে রাখার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।
রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় থাকা শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই এবং দীপক চাহার এমুহূর্তে ভ্রমণ করছেন না। পিঠের চোটের কারণে চাহারকে সাউথ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ থেকে বাদ দেয়া হয়েছিল।
ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, মোহাম্মাদ শামি, ভূবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আর্শদীপ সিং।







