ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সিলেট টাইটানস। সাইম আইয়ুব ও খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে নোয়াখালীকে ১৪৩ রানে আটকে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠান সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ পুঁজি পায় বিপিএলের নবাগত দল নোয়াখালী।
সিলেট স্টেডিয়ামে কচ্ছপ গতিতে ব্যাট করা নোয়াখালী দেড়শ রানের পথে ছিল। খালেদ শেষ ওভারে ২ উইকেট নিয়ে সেই সম্ভাবনা নাকচ করে দেন। সিলেটের এ পেসার হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তার শিকার হন জাকের আলী অনিক ও রেজাউর রহমান রাজা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি, খালেদ শেষ দুই বলে দেন ৭ রান।
মোহাম্মদ আমির মাজ সাদাকাতকে প্যাভিলিয়নে ফেরানোর পর খালেদ নিয়েছিলেন হাবিবুর রহমান সোহান ও হায়দার আলির উইকেট। এই তিন ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি, সাদাকাত ডাক মারেন ১ বলে, হাবিবুর ২ ও হায়দার ৩ বলে।
খালেদ ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আইয়ুব নেন ২ উইকেট। আমির ২৫ রান খরচ করে নেন এক উইকেট।







