সুন্দরবনের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে জোয়ারের পানির অপেক্ষায় রয়েছে ফায়ার সার্ভিস।
আজ ২৪ মার্চ সোমবার খুলনা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। বনের নতুন কোন জায়গায় আগুন ছড়ানোর তেমন আশঙ্কা নেই।
রোববার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের তেইশের ছিলা ও শাপলার বিল এলাকায় আগুনের সুত্রপাত। পরে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ফায়ার লাইনসহ বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে বনবিভাগ ও স্থানীয়রা। পরে তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।








