ক্রিকেট

কোন বল না খেলেই আউট ডটিন, বিগ ব্যাশে বিরল ডায়মন্ড ডাক

কোন বল না খেলেই আউট ডটিন, বিগ ব্যাশে বিরল ডায়মন্ড ডাক

অন্যরকম এক উইকেটের পতন হল মেয়েদের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল)। যেখানে হওয়ার কথা ছিল টাইমড আউট, সেখানেই ক্রিজে না নেমেই বোল্ড আউট হয়েছেন মেলবোর্ন রেনেগেডসের ডেইন্দ্রা ডটিন। ব্রিসবেন হিটের বিপক্ষে নির্ধারিত সময়ে ব্যাটিংয়ে নামতে না পারায় বল মোকাবেলা না করেই তাকে সাজঘরে ফিরতে হয়েছে।

‎স্ট্রাইকে ছিলেন না কোন ব্যাটার। সারাহ গ্লেন খালি স্ট্যাম্পে বল করেন, বোল্ড আউট হিসেবেই আউট হন ওয়েস্ট ইন্ডিজের ডটিন। ডায়মন্ড ডাকে ফিরতে হয়েছে তাকে। সাধারণত কোন ব্যাটার বল মোকাবেলা না করে আউট হলে সেটাকে ডায়মন্ড ডাক বলা হয়।

বুধবার জাংশন ওভালে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঘটে এই ঘটনা। ১৩৮ রানের লক্ষ্যে নেমে ১৫তম ওভারে জর্জিয়া ওয়ারহ্যামের বিদায়ের পর ব্যাটিংয়ে আসার কথা ছিল ডটিনের। কিন্তু নির্ধারিত ৭৫ সেকেন্ডের মধ্যে পরবর্তী বল মোকাবেলার জন্য প্রস্তুত হতে পারেননি তিনি।

বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। নির্দিষ্ট সেই সময়ের মধ্যে ব্যাটার না নামলে তাকে পিচ থেকে অন্তত পাঁচ মিটার দূরে লেগ সাইডে অবস্থান করতে হয়। এমন পরিস্থিতিতে বোলার সরাসরি স্টাম্প লক্ষ্য করে বল করার সুযোগ পান।

২০২১-২২ মৌসুমের আগে বিগ ব্যাশে এই নিয়ম চালু করা হয়েছিল। তবে ডটিনের আগে নারী কিংবা পুরুষ বিগ ব্যাশের কোনো ম্যাচেই এই নিয়মের প্রয়োগ দেখা যায়নি।

বিষয়:ডেইন্দ্রা ডটিন বিগ ব্যাশ সারাহ গ্লেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…