দুর্ঘটনায় মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দেবে। সেই টাকায় দেয়া যাবে ছেলের কলেজের বেতন। এই ভেবে ভারতে তামিলনাড়ুর সালেমে পাপাথি (৪৫) নামের এক মহিলা সড়কে বাসের সামনে ঝাঁপিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলে হয় মৃত্যু।
মঙ্গলবার (১৮ জুলাই) এই ঘটনার বিস্তারিত জানিয়েছে পুলিশ।
পুলিশ বলে, গত ২৮ জুন চলন্ত বাসের সামনে ঝাঁপ দেন পাপাথি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ১৫ বছর ধরে নিজেই সন্তানের দেখভাল করতেন তিনি। কিন্তু অর্থাভাবের কারণে ছেলের কলেজের বেতন মেটাতে পারছিলেন না বলে ওই মহিলা হতাশায় ভুগছিলেন। ছেলের কলেজের বেতন মেটাতে টাকার দরকার ছিল মহিলার।
পুলিশের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দেবে, এ কথা মহিলাকে জানান এক ব্যক্তি। তারপরই বাসের সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার পরিকল্পনা করেন তিনি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই দিন সকালে প্রথমে একটি বাসের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহিলা। কিন্তু সে বার বাইকের ধাক্কায় আহত হন তিনি। তারপরেই একটি বাসের সামনে ঝাঁপ দেন তিনি।







