রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের তালা লাগানো গেটের সামনে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই একাডেমিক ভবনে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে তালা ঝুলিয়ে দেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকাল সাড়ে পাচটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও কৃষি অনুষদ ভবনে কে বা কারা তালা লাগিয়েছে। সকাল সাড়ে সাতটা পর্যন্তও তালাগুলো লাগানো ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা তালা লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।
এ বিষয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বাইকের আওয়াজ শুনেছি। পরে বাইরে এসে দেখি কারা যেন গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে।

তালা লাগানোর ঘটনা স্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতনের দাবিতে আমাদের দল তিনদিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় অবরোধকে সমর্থন জানিয়ে আমরা কর্মসূচির অংশ হিসেবে একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কারা যেন দুই একাডেমিক ভবনে একটা করে তালা লাগিয়েছিলো। গার্ডকে সেগুলো খুলে ফেলতে বলা হয়েছে। তারা তালা খুলে দিয়েছে।






