যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার গ্রিন্সবার্গের সেন্ট হেলেনা হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার ১৩ সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্কুল ছুটির পর স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
এতে বলা হয়, আশঙ্কাজনক অবস্থায় আহত দুই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেন্ট হেলেনা প্যারিশ স্কুল তাদের ফেসবুক পেজে এই ঘটনা নিয়ে একটি পোস্ট করে।
এতে বলা হয়, ‘সেন্ট হেলেনা কলেজ এবং ক্যারিয়ার একাডেমির ক্যাম্পাসে একটি দুঃখজনক ঘটনা ঘটে। আমরা এই সময়ে তদন্তের স্বার্থে কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
ঘটনাস্থল পরিদর্শণ করছে পুলিশ। এরই মধ্যে সন্দেহজনক ১৪ বছর বয়সী এক ছাত্রকে আটক করেছে পুলিশ। এছাড়াও শুক্রবার পর্যন্ত স্কুলের শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।








