বিনোদন

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

হলিউডের বর্ষীয়ান অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

‘স্টার ট্রেক’ সিরিজে ক্যাপ্টেন জঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্রে অধ্যাপক চার্লস জেভিয়ারের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবরটি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে কিছুদিন ধরে লড়াই করছিলেন তিনি।

১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। দারিদ্র্যপীড়িত পরিবেশে বেড়ে ওঠা এই অভিনেতার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় মাত্র ১২ বছর বয়সে। শেক্সপিয়রের নাটকের সঙ্গে পরিচয়ের পর অভিনয়কে নিজের জীবনের অংশ করে নেন তিনি। ১৮ বছর বয়সে শুরু হয় তার অভিনয়জীবন। পরবর্তী সময়ে রয়্যাল শেক্‌সপিয়ার কোম্পানির সদস্য হিসেবে মঞ্চনাটকে দক্ষতার পরিচয় দেন।

তবে আন্তর্জাতিক তারকাখ্যাতি আসে ১৯৮৭ সালে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে অভিনয়ের মাধ্যমে। ১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সাত মৌসুমে ১৭৬টি পর্বে ক্যাপ্টেন জঁ-লুক পিকার্ডের চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটির জনপ্রিয় সংলাপ ‘মেক ইট সো’ দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পায়। পরে ‘স্টার ট্রেক’-এর একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজের মাধ্যমে আবারও এই চরিত্রে ফেরেন।

এ ছাড়া ‘এক্স-মেন’ চলচ্চিত্রমালায় অধ্যাপক চার্লস জেভিয়ারের চরিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসা পান স্টুয়ার্ট। ২০০০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘এক্স-মেন’ চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর সিরিজটির একাধিক কিস্তিতে গুরুত্বপূর্ণ এই চরিত্রে দেখা গেছে তাকে।

অভিনয়ের পাশাপাশি নাট্যকলায় অবদানের জন্যও স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০১০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়ে তুলেছিলেন তিনি।

ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করেন এই অভিনেতা। তার দুই সন্তান রয়েছে। ২০১৩ সালে মার্কিন সংগীতশিল্পী সানি ওজেলকে বিয়ে করেন তিনি। মৃত্যুর সময় স্ত্রী সানিই ছিলেন তার পাশে। টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:আলঝেইমার প্যাট্রিক স্টুয়ার্ট মৃত্যু লিউই বডি ডিমনেশিয়া সিরিজ হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…