আন্তর্জাতিক

সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প বললেন ‘আপনি দেখতে জঘন্য’

সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প বললেন ‘আপনি দেখতে জঘন্য’

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে তাকে ‘অসুস্থ’, ‘জঘন্য’ ও ‘দেখতে ভয়াবহ’ বলে মন্তব্য করেন তিনি। এমনকি সাংবাদিককে নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন মার্কিন প্রেসিডেন্ট।

গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে। সম্প্রতি কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল এবং ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই সাংবাদিক। কথোপকথনের একপর্যায়ে সাংবাদিক জানতে চান, টানা কয়েক সপ্তাহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালানোর পর অসুস্থ বোধ করায় ট্রাম্প কানসাস সফর বাতিল করেছেন কি না। এই প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’

জবাবে সাংবাদিক জানান, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। তবে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ শুরু করেন। একপর্যায়ে তার কথা বলার ভঙ্গিও নকল করেন। ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’

এরপর সাংবাদিক আবারও প্রেসিডেন্টের সুস্থতা নিয়ে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’ এসময় সাংবাদিককে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’

ট্রাম্পের সঙ্গে সাংবাদিকের এই বাক্যবিনিময়ের ঘটনা এমন সময়ে ঘটল, যখন তিনি সপ্তাহান্তে কানসাস ও আইওয়ায় পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন। আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওই দুই রাজ্যে রিপাবলিকান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে রয়েছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনায় এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে নির্বাচনী সমাবেশ করার কথা ছিল ট্রাম্পের।

কানসাস সফর বাতিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’ তবে ওই রাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…