বাংলাদেশের সঙ্গে সমন্বয় রেখে সৌদি আরবের জেদ্দা শহরে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা (জাতীয় কারিকুলাম) কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রথম দিনে অংশ নিয়েছেন ৭৭ জন শিক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ৪১ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশের সময়সূচির সঙ্গে মিল রেখে) পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সকাল ১০টায়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রের চেয়ারম্যান এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের শ্রম ও কল্যাণ মিনিস্টার সিরাজুস সালেকিন এবং কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা। এছাড়া পরীক্ষা কেন্দ্রের সচিব ও স্কুলের বাংলা শাখার অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন-ও উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে কনসাল জেনারেল শিক্ষার্থীদের সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি জেদ্দার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।








