রণবীর-আলিয়ার বিয়ের পার্টিতে চুপিসারে পৌঁছে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। টের পায়নি কাকপক্ষীও। তবে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে দক্ষিণী তারকা নয়নতারার বিয়েতে হাজির এই বলিউড সুপারস্টার!
শাহরুখের আসন্ন ছবি ‘জওয়ান’-এর নায়িকা নয়নতারা। ক’দিন আগেই তা জানা গেছে। বৃহস্পতিবার (৯ জুন) সহ-অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসছেন ভিগনেশ শিবিনের সঙ্গে। তাই বেশ আওয়াজ তুলেই তার বিয়েতে উপস্থিত হন শাহরুখ!
এদিন চেন্নাইয়ে নয়নতারার বিয়ের ভেন্যু থেকে সেজেগুজে রীতিমতো পোজ দিয়ে ছবি তুললেন শাহরুখ! আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। ছবিতে সাদা-শার্ট আর ক্রিম রঙা বন্ধগলায় ধরা দিয়েছেন শাহরুখ,সঙ্গে ঘন নীল প্যান্ট। চোখে রোদচশমায় ঝলমল করছেন বাদশা।
‘জওয়ান’ পরিচালক অ্য়াটলির সঙ্গেই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছেন শাহরুখ। চেন্নাইয়ের মহাবালিপুরমের এক রিসোর্টে বসেছে এই হাই প্রোফাইল বিয়ের আসর। তবে দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারছেন নয়নতারা।








