আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়ের পর ৫০ বিলিয়ন ডলার চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়ের পর ৫০ বিলিয়ন ডলার চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে প্রায় চার ঘণ্টা সব ফ্লাইট বন্ধ রাখার ঘটনায় দেশটির বিমান চলাচল ব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে। পুরোনো প্রযুক্তি, অবকাঠামোর আধুনিকায়নে ধীরগতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে বিমান চলাচল ব্যবস্থা আধুনিক করতে ৫০ বিলিয়ন ডলার চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অর্থ ব্যয়ের আগে স্বচ্ছতা ও জবাবদিহিতা  নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।

গত শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রযুক্তিগত সমস্যার কারণে দেশজুড়ে প্রায় চার ঘণ্টা সব ফ্লাইট চলাচল বন্ধ রাখে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটেছিল। এতে ৯ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় ১৫ লাখ যাত্রী দুর্ভোগে পড়েন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের সময় এতে ত্রুটি দেখা দেয়। আকাশে থাকা উড়োজাহাজের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত রাউটার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। ফলে পাইলটরা নির্ধারিত যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথা বলতে পারছিলেন না।

রোববারও (১৫ নভেম্বর) ব্যবস্থাটি পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছিল। পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, দিনের শেষ নাগাদ বা পরদিনের মধ্যে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। তবে তখনো কিছু ফ্লাইটে বিলম্ব হচ্ছিল।

ঘটনার পর প্রশ্ন উঠেছে, যথাযথ প্রস্তুতি ও তদারকি থাকলে দেশজুড়ে এমন বিপর্যয় এড়ানো যেত কি না। ট্রাম্প এ জন্য কংগ্রেসের বরাদ্দ ঘাটতিকে দায়ী করলেও সমালোচকদের দাবি, বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়নে ইতিমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেই অর্থের যথাযথ ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নে ধীরগতি রয়েছে।

ডেমোক্র্যাট প্রতিনিধি রোসা ডিলাউরো বলেন, গত দুই বছরে এফএএর আধুনিকায়ন ও কর্মীদের জন্য কংগ্রেস থেকে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তার মতে, এসব কাজ টেকসই ও স্বচ্ছভাবে বাস্তবায়নে পরিবহন মন্ত্রণালয়ের দক্ষ তদারকি প্রয়োজন।

ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিসের ভূমিকা নিয়ে প্রশ্ন

শুক্রবার (১৩ নভেম্বর) এর বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। তার ভাষ্য অনুযায়ী, এফএএর একটি দূরবর্তী কার্যালয়ে পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক কেবল বসানোর কাজ চলছিল। এ কাজের দায়িত্বে ছিল প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস।

অভিযোগ উঠেছে, যোগাযোগের কাজে ব্যবহৃত একটি রাউটার ত্রুটিপূর্ণভাবে কাজ করছিল। প্রতি চার-পাঁচ সেকেন্ডে এটি এফএএর নেটওয়ার্কে প্রবেশের জন্য প্রায় এক হাজারবার চেষ্টা করছিল। এতে পুরো নেটওয়ার্কে অতিরিক্ত চাপ তৈরি হয় এবং যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ে।

তবে এ ঘটনার জন্য সরাসরি এলথ্রিহ্যারিসকে দায়ী করেননি ডাফি। তার ভাষ্য, ত্রুটিটি প্রতিষ্ঠানের কাজের কারণে হয়েছে, নাকি রাউটারের নিজস্ব সমস্যার কারণে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তবে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। ডাফি বলেন, এফএএর টেলিযোগাযোগ নেটওয়ার্কের বড় অংশ এলথ্রিহ্যারিসের মালিকানায় থাকায় চাইলেই তাদের বাদ দেওয়া সম্ভব নয়।

২০১৯ সালে হ্যারিস করপোরেশন ও এলথ্রি টেকনোলজিস একীভূত হয়ে এলথ্রিহ্যারিস গঠিত হয়। ২০০২ সালে হ্যারিস করপোরেশন এফএএর টেলিযোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের জন্য প্রায় এক বিলিয়ন ডলারের চুক্তি পেয়েছিল।

এবারই প্রথম নয়, এর আগেও প্রতিষ্ঠানটির কাজের সময় এফএর যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল। ২০০৯ সালের নভেম্বরে লস অ্যাঞ্জেলেসে একটি রাউটার আধুনিকায়নের সময় এফএর নেটওয়ার্কে ছোট পরিসরে বিভ্রাট ঘটে। এতে ৮০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছিল।

ছবি: সংগৃহীত

শুক্রবারের ঘটনার পর এলথ্রিহ্যারিস জানিয়েছে, এফএর চলমান তদন্তে তারা সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির দাবি, পুরোনো তামার তারের ৭০ শতাংশ ইতিমধ্যে ফাইবার অপটিক কেবলে পরিবর্তন করা হয়েছে।

পুরোনো প্রযুক্তিতে চলছে বিমান চলাচল নিয়ন্ত্রণ

বিশেষজ্ঞ ও সমালোচকদের মতে, এফএর যোগাযোগব্যবস্থার অনেক সমস্যা এলথ্রিহ্যারিসের সাথে সম্পৃক্ত হওয়ারও আগের, যার মূল কারণ দীর্ঘদিনের পুরোনো অবকাঠামো।

এফএএ কয়েক বছর ধরে ১৯৬০-এর দশকের প্রায় ৫ হাজার ১৭০টি তামার তার পরিবর্তনের চেষ্টা করছে। এসব তার রাউটার ও অন্যান্য যোগাযোগ সরঞ্জামে ব্যবহৃত হয়।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব নিরীক্ষা সংস্থা (জিএও) এক প্রতিবেদনে এফএর প্রযুক্তিগত ব্যবস্থার নানা দুর্বলতা তুলে ধরে। এতে বলা হয়, বিমান চলাচল নিয়ন্ত্রকদের ব্যবহৃত অনেক কম্পিউটারে এখনো পুরোনো প্রযুক্তি রয়েছে। উড়োজাহাজের অবতরণের পথ ও নিরাপত্তা সতর্কতা দেখানোর কাজে ব্যবহৃত কিছু পর্দা ব্যবহৃত হচ্ছে ১৯৮০-এর দশকের। কোথাও কোথাও এখনো ফ্লপি ডিস্ক ড্রাইভ ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া রেডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হাজার হাজার যন্ত্রাংশ ও বিশেষ সুইচ এমন প্রযুক্তিনির্ভর, যেগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে ইবে-এর মতো অনলাইন বাজারের ওপর নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছেন ডাফি।

বিমান চলাচল নিয়ন্ত্রণে এখনো কাগজের ফ্লাইট স্ট্রিপ ব্যবহারের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিটি ফ্লাইটের তথ্য কাগজে ছাপিয়ে নিয়ন্ত্রকদের দেওয়া হয়। উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময় সমন্বয় করতে এসব তথ্য ব্যবহার করা হয়।

২০২৩ সালের আগস্টে সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্ট্রিপ ছাপানোর একটি প্রিন্টার জ্যাম হয়ে যায়। সেটি ঠিক করার চেষ্টা করার সময় একটি সাউথওয়েস্ট এয়ারলাইনসের উড়োজাহাজের সঙ্গে সেসনা উড়োজাহাজের প্রায় ৩০ মিটার দূরত্বে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়েছিল।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএর নোটিস টু এয়ারমেন (নোটাম) ব্যবস্থা অচল হয়ে পড়ায় দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। ১৯৮৫ সালে চালু হওয়া এই ব্যবস্থার মাধ্যমে খারাপ আবহাওয়া, যানজট ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জরুরি বার্তা পাঠানো হয়।

ওই ঘটনার পর জিএও এফএর ওপর নির্ভরশীল ১৩৮টি প্রযুক্তিব্যবস্থা পর্যালোচনা করে। সংস্থাটি জানায়, এর মধ্যে ৫১টি ব্যবস্থা অকার্যকর অবস্থায় রয়েছে এবং আরও ৫৪টি পুরোনো প্রযুক্তির কারণে ঝুঁকিতে রয়েছে। এসব ব্যবস্থার মধ্যে ৫৮টি সরাসরি যুক্তরাষ্ট্রের আকাশপথের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

আধুনিকায়নে ধীরগতি ও তদারকির ঘাটতি

জিএওর গত সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে দেওয়া ১১টি সুপারিশের মধ্যে অন্তত চারটি বাস্তবায়ন করতে পারেনি এফএএ।

প্রতিবেদনে এর অন্যতম কারণ হিসেবে আধুনিকায়ন প্রকল্পের জটিলতা ও সমন্বয়ের অভাবের কথা বলা হয়েছে। এফএর তালিকায় বর্তমানে ১১ হাজার ৩৮৯টি পৃথক আধুনিকায়ন প্রকল্প রয়েছে। এত বিপুলসংখ্যক প্রকল্পের কাজ সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে সংস্থাটি। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ যথাযথভাবে তদারকি না করার কারণেও অনেক প্রকল্প পিছিয়ে রয়েছে।

অর্থের ঘাটতিকেও অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করেছে জিএও। অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার মতো এফএর বাজেট আইন দ্বারা নির্ধারিত নয়। ফলে প্রতিবছর কংগ্রেসের অনুমোদনের ওপর সংস্থাটির বরাদ্দ নির্ভর করে।

তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অভিযোগ, বরাদ্দ পাওয়া অর্থও যথাযথভাবে ব্যয় করছে না ট্রাম্প প্রশাসন। ২০২৫ সালে এফএর আধুনিকায়নের জন্য কংগ্রেস ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিলেও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত মাত্র ৪ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। যার মধ্যে প্রকৃত ব্যয় হয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার।

এদিকে শুক্রবারের বিপর্যয়ের পর বিমান চলাচল ব্যবস্থা আধুনিক করতে অন্তত ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।

তবে ডেমোক্র্যাট প্রতিনিধি রোসা ডিলাউরো এই অর্থ বরাদ্দের দাবিকে প্রকৃত পরিকল্পনাহীন অর্থ দাবি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, নতুন করে অর্থ বরাদ্দের আগে এফএএ ও পরিবহন মন্ত্রণালয়কে আধুনিকায়ন পরিকল্পনা, অর্থ ব্যয় এবং প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কংগ্রেসের তদারকি ছাড়া কোনো সরকারি কর্মকর্তার কাজ করার সুযোগ থাকা উচিত নয়।

বিষয়:প্রযুক্তিগত ত্রুটি বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়ন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…