শাহরুখের দুবাই প্রকল্পের সব পেন্টহাউস বিক্রি

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে দুবাইয়ে নির্মিত নতুন আবাসন প্রকল্পের সব পেন্টহাউস বিক্রি হয়ে গেছে। প্রকল্পটির পেন্টহাউসগুলোর নকশা করেছেন শাহরুখ খানের স্ত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। প্রতিটি পেন্টহাউসের দাম ১ কোটি ৯৬ লাখ দিরহাম (ডিএইচ১৯.৬ মিলিয়ন)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ কয়েকশ কোটি টাকা।
‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের এই প্রকল্পটি দুবাইয়ের মেরিটাইম সিটিতে নির্মিত হচ্ছে। ১১ নভেম্বর প্রকল্পটির উদ্বোধনী আয়োজনে পেন্টহাউসগুলো বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।
প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরী খান এবং ডানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বলিউড নির্মাতা করণ জোহর।
৬০ তলাবিশিষ্ট এই আবাসন প্রকল্পে সমুদ্র ও দুবাইয়ের আকাশরেখার দৃশ্য উপভোগ করার সুযোগ থাকবে। এখানে সম্পূর্ণ আসবাবসজ্জিত অ্যাপার্টমেন্টের দাম শুরু হয়েছে ১৬ লাখ ৫০ হাজার দিরহাম থেকে। ক্রেতাদের জন্য রয়েছে ৩০:৭০ পেমেন্ট পরিকল্পনা। অর্থাৎ নির্মাণকালে ৩০ শতাংশ এবং হস্তান্তরের সময় বাকি ৭০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। প্রকল্পটির নির্মাণকাজ ২০২৯ সালের চতুর্থ প্রান্তিকে শেষ হওয়ার কথা।
আবাসন প্রকল্পটিতে ৪০টির বেশি বিশেষ সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ছাদে কিংস ক্লাব, ব্যক্তিগত ইয়টে প্রবেশের সুযোগ এবং স্বাস্থ্য ও সুস্থতাকেন্দ্রসহ নানা আয়োজন।
গৌরী খানের নকশা করা পেন্টহাউসগুলো নিয়ে ডানিউবের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পটির নকশার প্রতিটি পর্যায়ে গৌরী যুক্ত ছিলেন বলে জানিয়েছেন ডানিউবের ব্যবস্থাপনা পরিচালক আদেল সাজান। উপকরণ নির্বাচন থেকে শুরু করে পেন্টহাউসের প্রতিটি কোণের নকশা তৈরিতেও তার ভূমিকা ছিল।
অনুষ্ঠানে গৌরী খান বলেন, প্রকল্পটি তার কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি উদ্যোগ। ভারতের নিজস্ব ডিজাইন দলকে নিয়ে দুবাইয়ের মতো আন্তর্জাতিক পরিসরে কাজ তুলে ধরতে পেরে তিনি আনন্দিত। এই প্রকল্পে তারা নিজেদের আন্তরিকতা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটিয়েছেন।
অন্যদিকে, শাহরুখ খান বলেন, তার নামের সঙ্গে যুক্ত একটি আবাসন প্রকল্পের মাধ্যমে ভক্তদের নিজের জীবনযাপনের মতো অভিজ্ঞতা দেওয়ার ভাবনা থেকেই এই উদ্যোগ। পাশে গৌরী খান থাকায় প্রকল্পটি তার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে।
উল্লেখ্য, ডানিউবের সঙ্গে শাহরুখ খানের এটি দ্বিতীয় যৌথ উদ্যোগ। এর আগে ‘শাহরুখজ বাই ডানিউব’ নামে একটি বাণিজ্যিক ভবন চালু করা হয়েছিল। সেটিও উদ্বোধনের দিনই বিক্রি হয়ে যায়। খালিজ টাইমস






