গেল বছরের ক্রিসমাসে মুক্তি পায় শাহরুখের ‘ডাঙ্কি’। দিনটি ছিল ২১ ডিসেম্বর। এর ঠিক একদিন পর ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল প্রভাসের ‘সালার’। প্রভাস অভিনীত সেই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। টানা ব্যর্থতার পর এই ছবিটি প্রভাসের পায়ের তলায় মাটি শক্ত করে!
তবে সেই ঘটনায় এতদিন পর ‘সালার’ নির্মাতা বলছেন তিনি শাহরুখের কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু কেন? পরিচালকের কথায়, ‘একই দিনে একাধিক ছবি মুক্তি পাওয়া মোটেও ভালো বিষয় নয়। তবে সেসময় আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। ওই একটাই দিন ছিল। আর তাই আমরা ‘ডাঙ্কি’র টিমের কাছে ক্ষমাপ্রার্থী।
তিনি বলেন, ‘ডাঙ্কি’ আগে থেকেই ছবি মুক্তির দিন ঘোষণা করে রেখেছিল। কারণ, তারা একবছর আগে থেকে ছবি মুক্তির দিনটা জানিয়ে রেখেছিল। কেউ যে দিনটা আগে থেকেই ঠিক করে রেখেছে, সেই দিনেই আরেকটি ছবি মুক্তির জন্য ঠিক করা অন্যায়। তাই সালারের পুরো টিম, ‘ডাঙ্কি’ টিমের কাছে ক্ষমাপ্রার্থী।
প্রশান্ত নীলের কথায়, “শাহরুখ স্যার, রাজকুমার হিরানি স্যার অনেক বড়। আমরা এই পরিস্থিতি চাইনি। তবে ওই দিনটা ঠিক করেছিলাম, শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের কারণে। জ্যোতিষী জানিয়েছিলেন, ওই দিনটিই আমাদের ছবির মুক্তির জন্য শুভ। তাই এই সিদ্ধান্তটা নিতেই হয়েছিল।”
সালার-এ মূল চরিত্রে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রিয়া রেড্ডি, ইশ্বরী রাও সহ অন্যান্যরা। অন্যদিকে ‘ডাঙ্কি’তে কিং খান ছাড়াও ছিলেন তাপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার সহ অন্যান্যরা।








