ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ২০১৪ সালে টেস্ট জিতেছিল শ্রীলঙ্কা। এরপর আর জয়ের দেখা পায়নি লঙ্কান দলটি। ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে এবার সেই আক্ষেপই ঘোচাতে চলেছে তারা। দারুণ পারফরম্যান্সে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয়ের পথে থাকা লঙ্কানদেরই সব কৃতিত্ব দিচ্ছেন ইংল্যান্ডের সহকারী কোচ পল কলিংউড।
লন্ডনের দ্য ওভালে শেষ ইনিংসে ২১৯ রানের লক্ষ্যে পাথুম নিসাঙ্কার আগ্রাসী ফিফটিতে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৯৪ রান করেছে শ্রীলঙ্কা। হোয়াইটওয়াশ এড়াতে তাদের প্রয়োজন ১২৫ রান। হাতে উইকেট আছে ৯টি।
আলোকস্বল্পতায় এ নিয়ে টানা তৃতীয় দিন খেলা শেষ হয়েছে আগেভাগে। দিনের খেলা শেষে ইংল্যান্ড জাতীয় দলের ৪৮ বর্ষী সহকারী কোচ কলিংউড বলেছেন, ‘আমরা সবসময় সঠিক কাজটাই করতে পারব বিষয়টা এমন না। আজকের দিনটি হলো সেই দিনগুলোর একটি, যা আমরা ঠিকঠাক ভাবে করতে পারিনি। আজকের দিনে শ্রীলঙ্কাকে সম্পূর্ণ কৃতিত্ব দিব। আমি মনে করি তারা আজ দুর্দান্ত করেছে।’
প্রথম ইনিংসে ৩২৫ রানে ইংল্যান্ডকে আটকে দিয়ে ২৬৩ রান করে শ্রীলঙ্কা। ৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই হতাশ হতে হয় স্বাগতিকদের। লঙ্কান বোলারদের তোপে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে গেলে লঙ্কানদের সামনে ২১৯ রানের লক্ষ্য দাঁড়ায়।








