বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় কে-ড্রামা ‘স্কুইড গেম’ এর তৃতীয় ও শেষ সিজন সম্প্রচারিত হয়েছে গেল মাসের ২৭ তারিখে! পরিচালক হোয়াং ডং-হিউক নিশ্চিত করেছেন—এই মূল কাহিনির আর কোনো সিক্যুয়েল আসছে না। তবে এরইমধ্যে ‘স্কুইড গেম’ আমেরিকা ভার্সন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা!
অনেকে আবার কথা বলছেন চূড়ান্ত সিজনের বেশকিছু কনসেপ্ট নিয়ে! যেমন সিরিজে বিভিন্ন প্রতিযোগিতামূলক গেমের মধ্যে কোনটি দর্শকের কাছে ছিলো সবচেয়ে চিত্তাকর্ষ, কিংবা প্রতিযোগীদের কাছেই বা কোনটি ছিলো কঠিনতম- এসব নিয়েও কথা বলতে দেখা যাচ্ছে!
এই যেমন, উইকলি এন্টারটেনমেন্ট এর এক প্রতিবেদনে অভিনেতা লি জং-জে ও নির্মাতা হোয়াং ডং-হিউক কথা বলেছেন সবচেয়ে কঠিনতম গেমটি নিয়ে। তারা উভয়ে মত দিয়েছেন, পুরো সিরিজে কঠিনতম গেম ছিলো ‘দড়ি লাফ’!
চূড়ান্ত মৌসুমে থাকা ‘দড়ি লাফ’ গেমটি ছিল পুরো সিরিজের সবচেয়ে কঠিন অংশ, এমনটাই জানান অভিনেতা লি জং-জে ও নির্মাতা হোয়াং ডং-হিউক। পুরো দৃশ্য তৈরির পেছনে কাজ করেছে নির্মাতা দলের প্রতিটি বিভাগ—প্রোডাকশন ডিজাইন, স্টান্ট, ভিএফএক্স—সব মিলিয়ে যেন কারও কোনো ক্ষতি না হয়!
নির্মাতা হোয়াং জানান, “এই গেমের নেপথ্যে ছিল এক বৃদ্ধ মানুষের শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছা, অনেকটা ‘সিটিজেন কেইন’-এর ‘রোজবাড’এর মতো।”
প্রোডাকশন ডিজাইনার চায়ে কিয়ং-সান সেই ভাবনা থেকে গেমের সেটকে ছুটির দিনে বাড়ি ফেরার ট্রেনস্টেশনের আবহে তৈরি করেন। আর দড়ি ঘোরানো দুই রোবট চুল-সু ও ইয়ং-হি নির্মিত হয়েছে কোরিয়ান প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ের জনপ্রিয় চরিত্রগুলোর আদলে।
চুল-সু ও ইয়ং-হির পোশাকে ছেলেমেয়েরা যেন সবচেয়ে সুন্দর জামা পরে বাড়ি ফিরছে—এই ভাবনা রাখা হয়েছে দড়ি লাফে। ইয়ং-হির স্টকিংসেও ডিজাইন করা হয় ফুলের কারুকাজ, কারণ তার দুই পায়ের মাঝ দিয়ে অ্যাক্টরদের যেতে হতো—ভিজ্যুয়াল ভারসাম্য রাখতে হতো।
প্ল্যাটফর্ম থেকে পড়ে যাওয়াটা গেমে মৃত্যুর শামিল হলেও বাস্তবে সেটটি ছিল মাটি থেকে মাত্র ৫ ফুট উঁচু। কিন্তু অভিনেতারাও ভয় পেয়েছিলেন। লি জং-জে বলেন, “আমার শরীরে কোনো তার লাগানো ছিল না। পড়ে গেলে সত্যিই ব্যথা পেতাম।”
আর দড়িটি আসলে সিজিআই। সেটে শব্দ সংকেত ব্যবহার করে অভিনেতাদের জানানো হতো কখন ‘দড়ি’ ঘুরছে। এই পর্বের সম্পাদনায়, সংগীতে এবং ডিজাইনে যে যত্ন ও শৈল্পিকতা রাখা হয়েছে, তা নতুন করে মনে করিয়ে দেয় ‘স্কুইড গেম’ কেন শুধু একটি সিরিজ নয়, বরং এক বিশাল অভিজ্ঞতা।
এদিকে ‘স্কুইড গেম’-এর চূড়ান্ত মৌসুমে ভিআইডিদের কম দেখানোর বিষয়টিও অনেকে উল্লেখ করেছেন। এ বিষয়ে নির্মাতার পক্ষে জানানো হয়েছিলো যে, ভিআইপিদের আরো বেশী ফুটেজ ছিলো, কিন্তু অনেক দৃশ্যই চূড়ান্ত সম্পাদনায় কেটে ফেলা হয়েছে। সিরিজের সম্পাদক না-ইয়ং জানান, “আসলে ভিআইপি-দের আরও অনেক দৃশ্য ছিল। কিন্তু আমি অনেকটাই কেটে দিয়েছি, কারণ ভিআইপি কক্ষে গেলেই গেমের উত্তেজনা কমে যাচ্ছিল। আমি চেয়েছি প্রতিযোগীদের আবেগ ও প্রতিক্রিয়া বেশি গুরুত্ব পায়।” –উইকলি এন্টারটেনমেন্ট








