এবার বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার স্পেন। প্রথম ম্যাচে নামার আগে প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রতিপক্ষকে ছোট করে না দেখে খুব সুসংগঠিত একটি দল বলেছেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘যদি কেপ ভার্দের খেলা এখনও না দেখে থাকেন, তাহলে এবার দেখতে পারবেন। ট্যাকটিক্যালি তারা খুব সুসংগঠিত একটি দল। তারা ট্যাকটিক্যাল ওই বিষয়গুলো খুব ভালোভাবে উন্নতি করেছে।’
‘যদি শারীরিক দিক থেকে বিবেচনা করেন, তাদের খেলোয়াড়রা বেশ শক্তিশালী। তারা খুব দ্রুত খেলতে পারে এবং তারাই ক্যামেরনকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।’
কেপ ভার্দের চমক দেখানোর ক্ষমতা আছে বলছেন স্পেনিয়ার্ড কোচ, ‘এই বিশ্বকাপে যেসব দল চমক দেখাবে তাদের মধ্যে তারাও একটি হতে পারে। আমাদের সেরাটা দিতে হবে। আর জিতলেও, এটা নিশ্চিতভাবেই একটা কঠিন লড়াই হবে। সবাই জানতে পারবে তারা কী করতে পারে।’
‘এইচ’ গ্রুপে নবাগত কেপ ভার্দে ছাড়াও স্পেনের দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে। সোমবার রাতে বাংলাদেশ সময় ১০টায় কেপদের বিপক্ষে নামবে লা রোজাবাহিনী।







