আন্তর্জাতিক

জলবায়ু সম্মেলনে ঐকমত্য না হওয়ার জন্য দায়ী সৌদি আরব?

জলবায়ু সম্মেলনে ঐকমত্য না হওয়ার জন্য দায়ী সৌদি আরব?

জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। এই ব্যর্থতার জন্য সৌদি আরবকে দায়ী করেছেন ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর কয়েকটি দেশের আলোচকরা। তাদের অভিযোগ, সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করতে বাধা দিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের পর এই প্রথম কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জলবায়ু সম্মেলনের আলোচনা। ইউরোপীয় ইউনিয়নসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো এমন কোনো চুক্তি মেনে নিতে রাজি হয়নি, যেখানে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমানোর বিষয়টি উল্লেখ থাকবে না।

আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী দারাগ ও’ব্রায়েন বলেন, আমার বিশ্বাস, এই কপ সম্মেলন কিছু তেল উৎপাদনকারী দেশের কবজায় চলে গিয়েছিল।

আলোচকদের অভিযোগ, সৌদি আরব চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ না রাখার বিষয়ে অনড় ছিল। একই সঙ্গে কার্বন ক্যাপচার প্রযুক্তির প্রসারে গুরুত্ব দেওয়ার দাবি জানায় দেশটি। তবে তুরস্কের সম্মেলন সভাপতিত্বকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো দেশকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি।

সম্মেলনে প্রায় ১৩০টি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে চিঠি দিয়েছিল। কিন্তু রোববার প্রকাশিত সংশোধিত খসড়ায় সেই দাবির প্রতিফলন দেখা যায়নি।

টুভালুর জলবায়ুমন্ত্রী মাইনা তালিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, মনে হচ্ছে, আমরা সৌদিদের সঙ্গে আলোচনা করছি।

এদিকে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের অভাব এবং যুক্তরাষ্ট্র-চীনের সমন্বয় না থাকায় সৌদি আরবের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন আলোচকরা।

রোববার সমাপনী অধিবেশনে কপ৩১ এর সভাপতি মুরাত কুরুম জানান, দেশগুলোর মধ্যে সমঝোতা হয়নি। ফলে কোনো রাজনৈতিক চুক্তি ছাড়াই শেষ হয় সম্মেলন।

বিষয়:কপ৩১ জলবায়ু সম্মেলন সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…