অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসবে সাউথ আফ্রিকা। সিরিজে দলটির অধিনায়ক টেম্বা বাভুমাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার পর তিনি তৃতীয় ম্যাচে বাদ পড়েছেন কনুইয়ের চোটে।
বাভুমা সিরিজ শেষে সাউথ আফ্রিকায় ফিরে বিশেষজ্ঞের দুয়ারে যাবেন। টি-টুয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম না থাকায় চলতি সিরিজের বাকি ম্যাচের নেতৃত্ব দেবেন রসি ফন ডার ডুসেন।
২০২২ সালে ভারত সফরের সময় একই কনুইয়ে আঘাত পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যেতে হয় বাভুমাকে। চোটের কারণে ইংল্যান্ড সফরে যেতে পারেননি। টি-টুয়েন্টি বিশ্বকাপে ফিরলেও গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়।
প্রোটিয়া অধিনায়কের ওই চোটের সাথে ডান পায়ের হ্যামস্ট্রিং চোটও ছিল। পরে ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টেস্টেও খেলতে পারেননি ৩৪ বর্ষী বাভুমা। সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও ছয়টি টেস্ট বাকি দলটির। ফাইনাল খেলতে হলে যার মধ্যে পাঁচটি জিততে হবে।







