বাংলাদেশ আত্মবিশ্বাসের সাথে সাফ শিরোপা জিতবে: তাবিথ আউয়াল

বাংলাদেশে ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। এ আসর ঘিরে বাংলাদেশের সমর্থকদের অনেক প্রত্যাশা। সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হবে এবং শুধু পূরণ হবেই না বাংলাদেশ অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে। অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্লেট পর্বে রানার্সআপ হওয়া দলকে সংবর্ধনা দেয়ার পর এ কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলকে সংবর্ধনা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘২০০৩ সালের পর থেকে বাংলাদেশ প্রতিবারই সাফ টুর্নামেন্টে খেলেছে, প্রতিবারই জয়ের উদ্দেশ্যে খেলেছিল। প্রতিটা খেলোয়াড়ই চেষ্টা করেছিল। দুর্ভাগ্যবশত, আমরা সফল হতে পারিনি। এবার ২০২৬ সাফ আয়োজনে, আমরা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে, আমরা শিরোপা জিতবো।’
‘আমরা শুধু শিরোপা জিতবোই না, আমরা আত্মবিশ্বাসের সাথে শিরোপা জিতবো। মানুষ যেন খেলা দেখে বুঝতে পারে যে, প্রথম দিন থেকেই জেতার মনোভাব বাংলাদেশের ছিল। তবে বাংলাদেশের এই সাফ টুর্নামেন্টটা আয়োজন হচ্ছে ফিফা উইন্ডোর একটু বাইরের থেকে। তা আমরা আগে থেকেই জানতাম।’
সাফে বাংলাদেশের প্রথম ম্যাচ নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের কিছু কিছু খেলোয়াড় যারা পেশাদার লিগে খেলে ইউরোপে, তারা হয়তো আসতে পারবেন না সময় মতো। যে কারণে আমরা ২৮ জন প্লেয়ার রেজিস্টার করেছি। কিছু খেলোয়াড় প্রথম ম্যাচ দিয়ে শুরু করবে, আর কিছু খেলোয়াড় অবশ্যই পরের ম্যাচ থেকে যুক্ত হবে আমাদের দলের সাথে। বিষয়টি তেমন কিছু না। আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই কাজ করে যাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি।’
রোনান সুলিভানকে নিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘দুর্ভাগ্যবশত, রোনান সুলিভান চোটের কারণে এই ক্যাম্পে যোগ দিতে পারছে না। কিন্তু এটাও ফুটবল, আমাদের সবসময় চলমান চিন্তা রাখতে হবে। আমাদের কিছু কিছু খেলোয়াড় চোটে পড়া থাকবে, বা কোনো কারণে আসতে পারবে না। আমরা পরিবর্তিত খেলোয়াড় সবসময় তৈরি করার জন্য প্রস্তুত থাকি, যেটা এই সাফেও আপনারা দেখবেন মাঠে।’
নতুন খেলোয়াড় যুক্ত হওয়া নিয়ে তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় দলে রোনানের সাথে সাথে মাহি খানও অভিষেকের ডাক পেয়েছে। বিগত উইন্ডোতে জিদান ইউসুফ, ফারহান ওয়াহিদ ডাক পেয়েছিল। আমাদের ক্যাম্পে সবসময় আমরা চেষ্টা করবো কিছু নতুন খেলোয়াড়কে অভিষেক করার জন্য। অবশ্যই অভিজ্ঞ খেলোয়াড়দেরকে তো রাখতেই হবে।’






