টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা নামতে বাকি তিন ম্যাচ। ফাইনাল মহারণের আগে রয়েছে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিতে মুখোমুখি হবে ফেভারিট সাউথ আফ্রিকা ও ইতিহাস গড়ে চলা আফগানিস্তান। ম্যাচের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরে প্রোটিয়াদের বিপক্ষে নামবে আফগান দল। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। শনিবার রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
গ্রুপপর্বে ৪ ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে সেরা আটে আসে রশিদ খানের দল। ‘সি’ গ্রুপের হট-ফেভারিট নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে পা রেখেছিল তারা। অন্যদিকে, ‘ডি’ গ্রুপে চার ম্যাচের সবগুলোতে জয় নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেরা আটে ওঠে এইডেন মার্করাম বাহিনী।
সুপার এইটে শক্তিশালী অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে বিদায় করে গ্রুপ-১ থেকে বিশ্বমঞ্চে প্রথমবার সেমিতে ওঠে আফগানিস্তান। অন্যদিকে সব ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকে সেমিতে পা রাখে সাউথ আফ্রিকা।
শক্তিমত্তা বিবেচনায় আফগানদের চেয়ে যোজন এগিয়ে সাউথ আফ্রিকা। পরিসংখ্যানও বলছে একই। টি-টুয়েন্টিতে দুদলের দুবারের দেখায় একবারও জয় পায়নি আফগানিস্তান। ছোট ফরম্যাটের ক্রিকেটে তাদের মধ্যে এপর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।
২০১০ বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা-আফগানিস্তান। প্রোটিয়াদের দেয়া ১৪০ রানের লক্ষ্যে নেমে ৮০ রানে গুটিয়ে যায় নওরোজ মঙ্গলের দল। পরেরবার ২০১৬ আসরেও সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ২১০ রানের লক্ষ্যে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় আসগর আফগান বাহিনী।
আগের দুবার গ্রুপপর্বে দেখা হলেও চলতি আসরে দেখা হচ্ছে সেমিফাইনালে। টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনালের গণ্ডি পেরোতে না পারা প্রোটিয়াদের সামনে এবার নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে ওঠা আফগানিস্তান।








