বিনোদন

সমু চৌধুরীর চিকিৎসার সব খরচ বহন করবে অভিনয়শিল্পী সংঘ

সমু চৌধুরীর চিকিৎসার সব খরচ বহন করবে অভিনয়শিল্পী সংঘ

দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে তার চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি। তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে অভিনয়শিল্পী সংঘ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও ভক্তরা।

বিষয়টি নজরে আসার পর অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।

রাশেদ মামুন অপু বলেন, সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত ছিলাম। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ সমু চৌধুরীর মা ও পরিবারের অন্য সদস্যদের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। তার পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সব খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।

সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। বছর দুয়েক আগে গফরগাঁওয়ের একটি মাজারে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন অভিনয়শিল্পী সংঘের সদস্যরা।

সে সময় তার চিকিৎসার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে পরিবারের সম্মতি না পাওয়ায় তখন সেই প্রক্রিয়া আর এগোয়নি।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে দেখা গেছে এই অভিনেতাকে।

ভিডিওগুলো ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। তাদের অনেকেই ভিডিও ছড়িয়ে দেওয়ার পরিবর্তে অভিনেতার চিকিৎসা ও সুস্থতার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিবারের সম্মতি পাওয়ায় এবার সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির উদ্যোগে তার চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং এর যাবতীয় ব্যয় বহন করা হবে।

বিষয়:অভিনয় শিল্পী সংঘ সৌম চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…