কর্পোরেট নিউজ

পাঠাও কুরিয়ারে চালু হলো ডিজিটাল পেমেন্ট, নগদ টাকার ঝামেলা শেষ

পাঠাও কুরিয়ারে চালু হলো ডিজিটাল পেমেন্ট, নগদ টাকার ঝামেলা শেষ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুরিয়ার ও পার্সেল ডেলিভারি সেবায় ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও। নতুন এ সুবিধার নাম ‘ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি’ (ডিপিওডি)। এর মাধ্যমে গ্রাহকরা পার্সেল হাতে পাওয়ার আগে বা ডেলিভারির সময় ব্যাংক কার্ড কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।

সোমবার (২৬ অক্টোবর) পাঠাওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এ সুবিধার আওতায় পার্সেল ‘আউট ফর ডেলিভারি’ স্ট্যাটাসে গেলে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি পেমেন্ট লিংক পাঠানো হবে। ওই লিংকে প্রবেশ করে ‘পে নাউ’ অপশনে ক্লিক করলেই ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

এর ফলে পার্সেল গ্রহণের সময় নগদ টাকা প্রস্তুত রাখা, ভাঙতি টাকা জোগাড় করা কিংবা পেমেন্টের জন্য ডেলিভারির স্থানে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকবে না। এতে গ্রাহকদের জন্য পার্সেল গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

পাঠাও জানিয়েছে, কুরিয়ার ডেলিভারির ক্ষেত্রে নগদ অর্থের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগে পার্সেল গ্রহণের সময় নগদ টাকা বা ভাঙতি নিয়ে গ্রাহকদের যে ঝামেলায় পড়তে হতো, ডিজিটাল পেমেন্ট সুবিধার মাধ্যমে তা অনেকটাই দূর হবে। গ্রাহক ডেলিভারির স্থানে উপস্থিত না থাকলেও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

এ সুবিধা পাঠাওয়ের সঙ্গে যুক্ত মার্চেন্টদের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ডেলিভারির সময় একাধিক পেমেন্ট বিকল্প থাকায় গ্রাহকদের কেনাকাটার শেষ ধাপ আরও নির্বিঘ্ন হবে। পাশাপাশি গ্রাহকসেবার মান ও আস্থা বাড়ানোর ক্ষেত্রেও এটি সহায়ক হবে।

এ বিষয়ে পাঠাওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি ডেলিভারিতে ডিজিটাল পেমেন্টকে নিয়মিত ও নির্ভরযোগ্য অভ্যাসে পরিণত করা তাদের অন্যতম লক্ষ্য। গ্রাহকদের পেমেন্টের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি মার্চেন্টদের উন্নত গ্রাহকসেবা দেওয়ার প্রচেষ্টাকেও এগিয়ে নেবে এ উদ্যোগ।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বাংলাদেশের অন্যতম বৃহৎ ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবা দিয়ে আসছে। পাঠাওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের প্ল্যাটফর্মে ১ কোটি ৫০ লাখের বেশি ব্যবহারকারী, ৪ লাখ পাঠাও হিরো, ২ লাখ মার্চেন্ট এবং ১৫ হাজার রেস্টুরেন্ট পার্টনার যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটি দেশজুড়ে প্রায় ১০ লাখ উপার্জনের সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছে।

বিষয়:ডিজিটাল পেমেন্ট ডিজিটাল সেবা নগদ টাকা পাঠাও পাঠাও কুরিয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…