বিনোদন

সোনাক্ষীর ছবি বিকৃতির অভিযোগে গ্রেপ্তার, পরে আদালতের নির্দেশে মুক্তি

সোনাক্ষীর ছবি বিকৃতির অভিযোগে গ্রেপ্তার, পরে আদালতের নির্দেশে মুক্তি

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের এক দিনের মধ্যেই আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন অভিযুক্ত। পুলিশের গ্রেপ্তার প্রক্রিয়ায় আইনি ত্রুটি থাকায় এ নির্দেশ দেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে গত ১৪ নভেম্বর দিল্লির শাহদারা এলাকার জগৎপুরি থানা এলাকা থেকে আরিয়ান দীপক জৈন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের একটি দল। পরে তাকে মুম্বাইয়ে নিয়ে গিয়ে আদালতে হাজির করা হয়।

এ সময় অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তাদের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার এবং সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখা প্রয়োজন।

তবে পুলিশের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে আদালত। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বাইয়ে নিয়ে আসার আগে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার আইনি বাধ্যবাধ্যকতা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি বিধানও মানা হয়েছে কি না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীরাও গ্রেপ্তারের বৈধতা নিয়ে আপত্তি জানান। তাদের দাবি, গ্রেপ্তারের আগে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং আটকের কারণও যথাযথভাবে জানানো হয়নি।

সব দিক বিবেচনা করে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন খারিজ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন আদালত।

তবে আদালতের এই নির্দেশকে অভিযুক্তের নির্দোষ প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। মামলার অভিযোগের সত্যতা কিংবা অভিযুক্তের অপরাধের বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। মূলত গ্রেপ্তারের আইনি প্রক্রিয়ায় ত্রুটির কারণেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে।

এর আগেও সোনাক্ষীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছিল। নিজের ব্যক্তিস্বত্বা ও পরিচয়ের অননুমোদিত ব্যবহার ঠেকাতে ২০২৬ সালের মার্চে দিল্লি হাইকোর্ট থেকেও আইনি সুরক্ষা পেয়েছিলেন এই অভিনেত্রী। দ্য স্টেটসম্যান

বিষয়:অভিযুক্ত আদালত গ্রেপ্তার বলিউড অভিনেত্রী মুক্তি সোনাক্ষী সিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…