সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযান
২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশি পর্যটকদের নিয়ে আর্কটিক অভিযানের প্রস্তুতি

ছবি: সংগৃহীত
বিশ্বের দুর্গম দুই মেরু অঞ্চল আর্কটিক ও অ্যান্টার্কটিকা ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এক্সপেডিশন অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনস বাংলাদেশের ট্যুর অপারেটর বেঙ্গল ভিসতা ট্যুরসকে তাদের স্থানীয় অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশি পর্যটকেরা এখন থেকে দুই মেরু অঞ্চলে ভ্রমণের বুকিং করতে পারবেন।
সম্প্রতি নেদারল্যান্ডসের ভ্লিসিংজেনে অবস্থিত ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিনিধিরা। এ সময় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশ থেকে পর্যটকদের মেরু অঞ্চলে পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহ উদ্দিন ওরফে সালাহউদ্দিন সুমন, এই অংশীদারত্বের জন্য ওশানওয়াইডের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অ্যান্টার্কটিকা অভিযানের স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ওশানওয়াইডের সেলস ডিরেক্টর হেলেন ও তার দলের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
এই অংশীদারত্বের আওতায় ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশ থেকে একটি বড় দল নিয়ে আর্কটিক অভিযান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেঙ্গল ভিসতা ট্যুরস। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে হবে এ অভিযান। এতে অংশগ্রহণকারীরা ওশানওয়াইডের আধুনিক এক্সপেডিশন জাহাজ এমভি হন্ডিয়াসে চড়ে আর্কটিকের প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণী দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশি দলের নেতৃত্ব দেবেন সালাহউদ্দিন সুমন। তার সঙ্গে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস। অভিযানে বরফাচ্ছাদিত প্রান্তর, বিশাল হিমবাহ ও গভীর ফিয়র্ড দেখার পাশাপাশি মেরুভালুক ও ওয়ালরাসের মতো বন্যপ্রাণী দেখার সুযোগ থাকবে। তবে বন্যপ্রাণীর দেখা পাওয়া এবং তীরে নামার বিষয়টি আবহাওয়া ও বরফের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
সালাহউদ্দিন সুমন ও নিলয় কুমার বিশ্বাস এর আগে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে অভিযান করেছেন। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত দুই মেরু অঞ্চলে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, স্থানীয় পর্যায়ে বুকিং, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতিতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি পর্যটকদের জন্য এ ধরনের অভিযান সহজ করা। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ দেশের পর্যটন খাতে প্রচলিত ভ্রমণের বাইরেও বিশেষায়িত অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করবে।






