ভারতীয় সংগীতশিল্পী শান-এর মুম্বাইয়ের আবাসনে আগুন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন সংগীতশিল্পীর অনুরাগীরা।
তাদের সকলের একটাই প্রশ্ন ছিল, শান ঠিক আছেন তো? অবশেষে ঘটনা নিয়ে মুখ খুললেন এই সংগীতশিল্পী। জানালেন কী পরিস্থিতির মাঝে ছিলেন তিনি।
হিন্দুস্থান টাইমসকে শান বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে সপ্তম তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমাচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুম ভাঙে। তখন ৭ তলা ও নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ তখন নিচে নেমে গিয়েছিলেন। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল। এদিকে ছাদ তখন তালাবদ্ধ। আবার ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা ১৪ তলায় আমাদের প্রতিবেশী, মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নেই। দুর্ভাগ্যবশত ওরাও আটকে গিয়েছিলেন। আমরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান।’
শান আরও বলেন, ‘আগুনে সপ্তম তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। ষষ্ঠ ও অষ্টম তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের বাড়িও ঠিক আছে। আমরাও ঠিক আছি।’
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে মহারাষ্ট্রের মুম্বাইয়ে গায়ক শানের বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে একটা আবাসিক ভবনে এই আগুন লাগে। এসময় সেই বাড়ির জানালা দিয়ে কালো ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। যদিও সংগীতশিল্পী এই আবাসনের ১১ তলার বাসিন্দা। ওই সময় সেখানকার বাসিন্দাদের অগ্নিপরীক্ষা ছিল কীভাবে তারা নিরাপদে সেখান থেকে পালিয়ে বাঁচতে পারবেন। একই পরিস্থিতিতে পড়েন শানও। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।- হিন্দুস্থান টাইমস







