চার দিনের রুদ্ধদ্বার আলোচনার পর ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিবিদ সিদ্দারামাইয়াকে এবং তার ডেপুটি হিসাবে ডি কে শিবকুমারকে ঘোষণা করতে যাচ্ছে ভারতের কংগ্রেস।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ সারা রাত আলোচনার পর অবশেষে সমাধানে পৌঁছেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। আগামী শনিবার সিদ্দারামাইয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং ডি কে শিবকুমার তার ডেপুটি হিসাবে শপথ গ্রহণ করবেন। গতকাল বুধবার দিল্লিতে একটি বৈঠকে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী শীর্ষ পদের দুই প্রতিযোগী সিদ্দারামাইয়া এবং শিবকুমারকে প্রাথমিক ভাবে দুটি বিকল্প প্রস্তাব দেন।
প্রথম প্রস্তাবে শিবকুমারকে তার বর্তমান কাজের পাশাপাশি রাজ্যের একক উপ-মুখ্যমন্ত্রীর পদ দেয়া হয়েছিল, এছাড়াও তাকে তার পছন্দের ছয়টি মন্ত্রণালয়ের প্রস্তাবও দেওয়া হয়। দ্বিতীয় প্রস্তাবটি ছিল শিবকুমার এবং সিদ্দারামাইয়ার মধ্যে ক্ষমতার ভাগাভাগি সংক্রান্ত। এর অধীনে সিদ্দারামাইয়া দুই বছরের জন্য শীর্ষ পদ পেতেন, এবং শিবকুমার পেতেন তিন বছরের জন্য।
কিন্তু দুই ঘণ্টার বৈঠকে উভয় প্রতিযোগীই প্রস্তাব দু’টি প্রত্যাখ্যান করেন। এর পর সন্ধ্যা থেকে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়, এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।








